ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড তালিকা প্রস্তুতিতে মাঠে ইউএনও

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় ঠাকুরগাঁওয়ে উপকারভোগীদের তালিকা প্রস্তুতির কাজ শুরু হয়েছে।

পাইলট প্রকল্পের অংশ হিসেবে সদর উপজেলার ৮নং রহিমানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তালিকা প্রণয়নের কাজ সরেজমিনে তদারকি করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেই মাঠপর্যায়ে উপস্থিত হন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ইউএনও বলেন, “সরকারের এ গুরুত্বপূর্ণ কর্মসূচির আওতায় যেন প্রকৃত দরিদ্র ও যোগ্য পরিবারগুলো অন্তর্ভুক্ত হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে তালিকা প্রস্তুত করা হচ্ছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত নীতিমালা অনুযায়ী তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। স্থানীয়দের সঠিক তথ্য প্রদান ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারের সহায়তা পেতে পারেন।

-মো. জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও