মহাকাশে টমেটো চাষ

চীনা নভোচারীরা থিয়ানকং মহাকাশ স্টেশনে সফলভাবে টমেটো চাষে সক্ষম হয়েছেন। শেনচৌ-২১ মিশনের এই চাষ প্রকল্পকে ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

নভোচারী চাং হোংচাং স্টেশনের ভেতরে থাকা ‘হিলিং কর্নার’-এ টমেটোর গাছগুলো সতেজভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ অ্যারোপনিক চাষ পদ্ধতিতে পানি সূক্ষ্ম কণার মাধ্যমে সরবরাহ করা হয় এবং এলইডি আলোর নির্দিষ্ট স্পেকট্রাম শক্তি উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে।

এই যন্ত্র ২০২৫ সালের জুলাই মাসে থিয়ানচৌ-৯ কার্গো মহাকাশযানে পাঠানো হয়েছিল। নভোচারী উ ফেই জানান, পাকা টমেটোর রঙ ও সুগন্ধ তাঁদের বিশেষ আনন্দ দেয়। প্রতিদিন তাঁরা গাছের যত্ন নেন ও তথ্য সংগ্রহ করেন।

গবেষণার মূল লক্ষ্য কেবল ফল উৎপাদন নয়, বরং মহাকাশে উদ্ভিদের মাধ্যমে বায়ুমণ্ডল পুনর্গঠন, উৎপাদন দক্ষতা বৃদ্ধি এবং নভোচারীদের স্বাস্থ্যের উন্নয়ন। ভবিষ্যতে গম, গাজর ও ঔষধি উদ্ভিদের পরীক্ষামূলক চাষের পরিকল্পনা রয়েছে।

নভোচারী চাং লু বলেন, মহাশূন্যে সবুজের উপস্থিতি তাঁদের মানসিক শক্তি জোগায় এবং পরবর্তী বৈজ্ঞানিক কাজের জন্য আত্মবিশ্বাস বাড়ায়।

উল্লেখ্য, শেনচৌ-২১ মিশন ২০২৫ সালের ৩১ অক্টোবর উৎক্ষেপিত হওয়ার পর ১০০ দিনের বেশি সময় অতিক্রম করেছে এবং সকল বৈজ্ঞানিক পরীক্ষা স্বাভাবিকভাবে চলছে।

তথ্যসূত্র: সিসিটিভি নিউজ

সাবরিনা রিমি/