শান্তি-শৃঙ্খলা ও মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থানে দীঘিনালা জোন

খাগড়াছড়ির দীঘিনালা জোনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা অংশগ্রহণ করেন।

সভায় জোনাল স্টাফ অফিসার মেজর তৌকির আহমেদ, ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন হাসনাইন আলভী, আরএমও ক্যাপ্টেন মো. শায়খউদ্দীন সাকলাইন, কিউএম ক্যাপ্টেন সাব্বির আহমেদ এবং অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিদসহ পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের ভূমিকার প্রশংসা করেন জোন কমান্ডার। তিনি বলেন, প্রশাসন ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতাই এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হয়েছে।

এ সময় তিনি মাদক ও জুয়া প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। নির্ভরযোগ্য তথ্য প্রদান এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভায় উপস্থিত প্রতিনিধিরাও এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং অপরাধ দমনে প্রশাসনকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সমন্বিত আলোচনা ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি