আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি)। সকাল সাড়ে ৮টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। এ ছাড়া ১১ দলীয় নির্বাচনি ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দও সমাবেশে অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৩ আসনের রাজনৈতিক প্রেক্ষাপট, উন্নয়ন ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
-এমইউএম










