সিলেটে খাল সংস্কার কাজে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এমপি লুনা

সিলেটের বিশ্বনাথ উপজেলার রাজার খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে লুনা বলেন, ‘দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। সেই লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। কিন্তু ক্ষমতার পালাবদলে সেই উদ্যোগ থমকে যায়। নদী-খাল ভরাট হয়ে গেছে, দখল হয়েছে, বন্ধ হয়েছে পানির প্রবাহ। ফলে কৃষি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খাল-নদী পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক করা গেলে কৃষি উৎপাদন বাড়বে এবং পরিবেশের ভারসাম্য ফিরবে।’

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএডিসি সেচ বিভাগের প্রকল্প পরিচালক প্রণজিত কুমার দেব, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামাল আহমেদ।

-সাইমুন