রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদারে ঢাকার কেরানীগঞ্জের আটি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য এবং নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করায় গরুর মাংসের দোকান, মুদি দোকান ও ফলের দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং ভেজাল পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
জান্নাতুল মাওয়া বলেন, সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে অতিরিক্ত মুনাফার মাধ্যমে ভোক্তাদের ভোগান্তিতে না ফেলতে পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
-সাইমুন










