রামপুরায় হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরায় হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় হাসান ভূঁইয়া (৪৩) নামে এক ব্যক্তির রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মিলাকে (২৮) আটক করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে রামপুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই নাসির ভূঁইয়া জানান, প্রায় ৬ বছর আগে হাসান ভালোবেসে মিলাকে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকে হাসান পরিবারের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন ছিলেন। তাঁদের সংসারে ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। শনিবার সকালে হাসানের আত্মহত্যার খবর শুনে তারা ঘটনাস্থলে যান।

নাসির ভূঁইয়া অভিযোগ করেন, “ঘটনাস্থলে গিয়ে দেখি হাসানের গলায় ফাঁস থাকলেও হাত দুটি পেছন দিক থেকে শক্ত করে বাঁধা ছিল। বাসার ছাদের পানির ট্যাংকির পাইপের সাথে হাত ও গলা বেঁধে তাকে হত্যা করা হয়েছে। হাত বাঁধা অবস্থায় কেউ আত্মহত্যা করতে পারে না। আমরা নিশ্চিত মিলাই তাকে হত্যা করেছে।”

এ বিষয়ে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আল আমিন বলেন, “হাসান ভূঁইয়ার মরদেহ উদ্ধারের সময় তাঁর হাত পেছন দিক থেকে বাঁধা ছিল। প্রাথমিক পর্যবেক্ষণে আমাদের কাছে এটি একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। কোনো ব্যক্তির পক্ষে নিজের হাত নিজে বেঁধে গলায় ফাঁস নেওয়া অসম্ভব।”

পুলিশ আরও জানায়, নিহতের বড় ভাই বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেছেন। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং নিহতের স্ত্রী মিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ এবং প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পুলিশ।

লামিয়া আক্তার