জাতীয় মানবাধিকার কমিশন সকাশে ইইউ নির্বাচন বিশ্লেষক

আজ (২৪ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মানবাধিকার বিশ্লেষক অ্যান মার্লবোরো (Anne Marlborough) জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে মিস অ্যান মার্লবোরো সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম সম্পর্কে কমিশনকে অবহিত করেন এবং নির্বাচন-পরবর্তী প্রাথমিক বিবৃতি (Preliminary Statement) মাননীয় চেয়ারপার্সনের নিকট উপস্থাপন করেন।

আলোচনায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নির্বাচনকালীন সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্রের ওপর সম্ভাব্য হুমকির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা ও ন্যায্যতা নিশ্চিত করার পাশাপাশি নারী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোটাধিকার সুরক্ষার বিষয়টিও আলোচনায় প্রাধান্য পায়।

কমিশনের মাননীয় চেয়ারপার্সন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এ কমিশনের এখতিয়ার ও কর্মপরিধি সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, নতুন এই আইনি কাঠামোর অধীনে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে কমিশনার এবং কর্মকর্তা-কর্মচারীদের আরও দৃঢ় ও সাহসী ভূমিকা পালনের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকার নতুন এই অধ্যাদেশটিকে আইনে পরিণত করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং এতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রটি আরও সুসংহত হবে বলে মন্তব্য করেন।

কমিশন আইনি দায়িত্ব ও কর্তৃত্বের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে দেশের সকল নাগরিকের মানবাধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে। এ সময় উভয় পক্ষ ভবিষ্যতে মানবাধিকার সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব জোরদার করার মাধ্যমে বাংলাদেশে মানবাধিকারের অগ্রযাত্রায় একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

-মামুন