শেরপুর-৩ আসনের নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তফসিল ঘোষণা করা হতে পারে।
এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “আমি যতটুকু জানি আজকে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। আমাদের সচিব সাহেব এটা ঘোষণা করতে পারেন।”
নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রসঙ্গে তিনি বলেন, “এর মধ্যেই হয়ে যেতে পারে।” উপনির্বাচনের ক্ষেত্রে তফসিল ঘোষণার সময়সীমা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আইনে ১৫ দিনের কথা উল্লেখ আছে।
এর আগে ২২ ফেব্রুয়ারি তিনি জানিয়েছিলেন, দুই আসনের ভোট পহেলা বৈশাখের আগেই আয়োজনের প্রস্তুতি চলছে। সে ধারাবাহিকতায় ৯ এপ্রিল সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় এসেছে বলে ইসি সূত্রে জানা গেছে।
গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়। সে সময় ইসি জানায়, আসনটির জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে।
অন্যদিকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—দুই আসন থেকেই নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলে একটি আসন রাখতে হয়। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন। ফলে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে ইসি।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন আয়োজন করতে হয়। সেই বাধ্যবাধকতার আলোকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনও একই দিনে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।
তফসিল ঘোষণার পর প্রার্থিতা দাখিল, যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের সময়সূচি নির্ধারিত হবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
_এজাজ আহম্মেদ/মামুন










