আসন্ন জাতীয় নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ও দেশের অভ্যন্তরীণ ভোটাররা ভোটদান কার্যক্রমে অংশ নিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ও অভ্যন্তরীণ পোস্টাল ভোটারদের ব্যালট গ্রহণ প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত ইসির প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, নির্ধারিত গন্তব্য দেশগুলোতে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে প্রবাসীরা ৫ লাখ ৫৪ হাজার ২৫৮টি ব্যালট সংগ্রহ করেছেন এবং ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন ভোটদান সম্পন্ন করেছেন। ৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন।
ইতোমধ্যে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে এবং ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোটদানের হারও উল্লেখযোগ্য। বিডি পোস্টের মাধ্যমে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট ভোটারদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৮১ হাজার ৮১৯টি ব্যালট সংগ্রহ করা হয়েছে এবং ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন ভোটদান সম্পন্ন করেছেন। ৬ লাখ ৬৯ হাজার ৯৫০টি ভোট পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশন বলছে, নির্ধারিত সময়ের মধ্যে আরও ব্যালট পৌঁছানোর সম্ভাবনা রয়েছে এবং পোস্টাল ভোট গণনার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
-এমইউএম










