ক্রিকেটপ্রেমীদের মনে সেই ঘটনা এখনও তাজা। ২০০৩-০৪ সালের সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নামেন শচীন টেন্ডুলকার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার স্টিভ বাকনার বিতর্কিতভাবে তাকে আউট দেন। ওই ঘটনা শুধু ম্যাচের ফলাফলের উপর প্রভাব ফেলে নি, পুরো ক্রিকেট বিশ্বকেই যেন কাঁপিয়ে দিয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হলে হয়তো ভুলে যাওয়া যেতো, কিন্তু বাকনার শচীনের এলবিডব্লিউ ছাড়া আরও কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তও ছিল।
ব্রিসবেনে ওই আউট দেওয়ার ২২ বছর পর মুখ খুললেন সাবেক আম্পায়ার। এখন তার বয়স ৭৯। তিনি স্বীকার করেছেন, সেই দিনে যা করেছিলেন তা ছিল ভুল, এবং দায় স্বীকার করতে তার কোনো দ্বিধা নেই।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশন উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, “শচীন টেন্ডুলকারকে লেগ বিফোর উইকেট আউট দেওয়া একটি ভুল ছিল। আজও মানুষ এই সিদ্ধান্ত নিয়ে প্রতিদিন কথা বলে। কেন আমি তাকে আউট দিয়েছিলাম? সে কি আসলেই আউট ছিল? কিন্তু জীবনে ভুল হয়ে থাকে। আমি স্বীকার করছি, এটা ভুল ছিল।”
সেই ম্যাচে জেসন গিলেস্পির একটি ডেলিভারিতে শচীন বলটি পড়তে দেয়নি, কিন্তু বল তার প্যাডে লেগেছিল। অস্ট্রেলিয়ানরা জোরালো আবেদন করে, আর বাকনার আঙুল তুলে দেন। শচীনসহ টেলিভিশনের দর্শকরাও হতভম্ব হয়ে যান।
লিজেন্ডারি ধারাভাষ্যকার টনি গ্রেগ ওই দিন ধারাভাষ্যকক্ষে ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, “এটা ভয়ঙ্কর সিদ্ধান্ত ছিল। একটু ভালো করে দেখুন, বাউন্স আর মুভমেন্টের দিকে খেয়াল করুন।”
বাকনারের ওই সিদ্ধান্তের পর শচীনের অনুভূতি জানতে চাওয়ায় তিনি বলেছিলেন, “যখন আমি ব্যাটিংয়ে থাকব, উনাকে পরার জন্য একটা বক্সিং গ্লাভস দেবেন যেন তিনি আঙুল তুলতে না পারেন।”
-এমইউএম










