নতুন লুক, অ্যাকশন ও ফ্যান্টাসিতে ‘টক্সিক’

আসন্ন সিনেমা টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। নির্মাতারা সম্প্রতি একে একে দুটি টিজার প্রকাশ করেছেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। টিজারগুলোতে সুপারস্টার যশ কে দুটি ভিন্ন রূপে দেখে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। শুধু তাই নয়, তার নতুন লুকের বিষয়েও শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সম্প্রতি যশ নিজের সিগনেচার দাড়ি কেটে একদম নতুন লুকে হাজির হয়েছেন। জানা গেছে, এটি সিনেমার একটি অংশ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দীর্ঘদিনের লম্বা চুল ও ঘন দাড়ি ছেড়ে যশ ছোট চুলে, একদম ক্লিন শেভড লুকে হাজির হয়েছেন। সোমবার এই ভিডিও প্রকাশের পর থেকে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

সিনেমার টিজারে যশকে দুটি ভিন্ন চরিত্রে দেখানো হয়েছে। একদিকে লম্বা চুল ও দাড়িতে পরিচিত ‘রায়া’ চরিত্র, অন্যদিকে ছোট চুলে তরুণ লুকের ‘টিকিট’ নামের অন্য চরিত্র। সিনেমা সংশ্লিষ্টরা ইতিপূর্বেই অফিশিয়াল পেজ থেকে এই দ্বৈত চরিত্রের বিষয়টি নিশ্চিত করেছেন। ‘রায়া’ চরিত্রের পোস্টারে তাকে কুয়াশার মধ্যে সিগারেট হাতে এবং বলছেন, “ড্যাডি ইজ হোম।” অন্যদিকে ‘টিকিট’ চরিত্রের পোস্টারে রক্তমাখা মুখ এবং তীব্র এক্সপ্রেশন সিনেমার অ্যাকশনধর্মী গল্পের ইঙ্গিত দিচ্ছে।

গীতু মোহনদাস পরিচালিত এই গ্যাংস্টার ড্রামা ঘরানার সিনেমাটিতে যশের পাশাপাশি অভিনয় করছেন নয়নতারা, হুমা কুরেশি, কিয়ারা আদভানি এবং তারা সুতারিয়া। ছবিটি কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও হিন্দি, তামিল, তেলুগু ও মালায়লাম ভাষায় ডাবিং করা হবে।

২০২৬ সালের ১৯ মার্চ বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বৈত চরিত্রে যশের অভিনয় এবং অ্যাকশন, ড্রামা ও ফ্যান্টাসি মিশ্রিত গল্প ভক্তদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন লুক, রহস্যময় গল্প এবং তারকা সমন্বয়—সব মিলিয়ে ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ দক্ষিণী ও আন্তর্জাতিক সিনেমাপ্রেমীদের জন্য অন্যতম আলোচিত সিনেমা হয়ে উঠেছে।

-বিথী রানী মণ্ডল