নিজেকে গুটিয়ে নিয়েছিলাম বিচ্ছেদের কঠিন সময় নিয়ে খোলামেলা- সমান্থা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সমান্থা রুথ প্রভু আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বত্তূরে একেবারে ঘরোয়া আয়োজনে রাজ নিদিমোরু-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এর আগে অভিনেতা নাগ চৈতন্য-র সঙ্গে বিচ্ছেদের পর একসময় জানিয়েছিলেন, হয়তো আর কাউকে ভালোবাসতে পারবেন না। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই অনুভূতি, আর নতুন করে ভালোবাসার জায়গা করে নিয়েছেন রাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিচ্ছেদের সময়ের মানসিক অবস্থা নিয়ে খোলামেলা কথা বলেন সমান্থা। তিনি জানান, ২০২১ সালে যখন তিনি বিবাহবিচ্ছেদের কঠিন সময় পার করছিলেন, তখন নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছিলেন। কারও উপর বিশ্বাস করার মতো মানসিক শক্তিও ছিল না। সেই সময় তিনি অস্থিরতায় ভুগতেন, স্বাভাবিকভাবে কথাও বলতে পারতেন না কথা বলতে গেলেই নিঃশ্বাসে কষ্ট হতো।

অভিনেত্রীর ভাষায়, সেই কঠিন সময়ে রাজই ছিলেন তার সবচেয়ে বড় ভরসা। বন্ধুত্ব, যত্ন আর ভালোবাসা দিয়ে ধীরে ধীরে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন তিনি। সমান্থা বলেন, “রাজ আমাকে যেভাবে আগলে রেখেছে, তার জন্য আজ আমি আরও ভালো মানুষ হতে পেরেছি।

এখন তাদের দাম্পত্য জীবনও বেশ স্বচ্ছন্দ ও আনন্দময়। একসঙ্গে জিমে যাওয়া, খেলাধুলা কিংবা দৈনন্দিন কাজ—সবকিছুতেই দু’জনকে একসঙ্গে দেখা যায়। সমান্থা জানান, এটি নতুন বিয়ের কারণে নয়, বরং শুরু থেকেই তাদের সম্পর্কের স্বাভাবিক রূপ।

তিনি আরও বলেন, সম্প্রতি এক বন্ধু তাকে বলেছেন—অনেক দিন পর তার সঙ্গে কথা বলে মনে হচ্ছে, তিনি আর অভিনয় করছেন না, বরং নিজের মতো করে বাঁচছেন। সব মিলিয়ে জীবনের নতুন অধ্যায়ে শান্তি, ভালোবাসা আর মানসিক সুস্থতাকেই এখন সবচেয়ে বড় প্রাপ্তি মনে করছেন সমান্থা।

-বিথী রানী মণ্ডল