টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল-এর বিপক্ষে ১৯টি ছক্কা হাঁকিয়ে এই কীর্তি গড়ে ক্যারিবীয়রা। একই ম্যাচে তারা তুলে নেয় ১০৭ রানের বড় জয়।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ১২০ বলে করা এই ২৫৪ রান টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। ইনিংসে ১৬টি চার ও ১৯টি ছক্কা আসে তাদের ব্যাট থেকে। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯টি ছক্কা মেরেছিল নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল।
রেকর্ড গড়া ইনিংসে বড় ভূমিকা রাখেন সিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল ও শেরফেন রাদারফোর্ড। হেটমায়ার ৩৪ বলে ৭ চার ও ৭ ছক্কায় করেন সর্বোচ্চ ৮৫ রান। পাওয়েল ৩৫ বলে ৫৯ রান করেন, তার ইনিংসে ছিল ৪ চার ও ৪ ছক্কা। শেষদিকে রাদারফোর্ড মাত্র ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৩ রান যোগ করে দলকে পাহাড়সম স্কোরে পৌঁছে দেন।
২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতেই ৫২ রানে ৪ উইকেট হারায় তারা। অধিনায়ক সিকান্দার রাজা ২০ বলে ২৭ রান করলেও দলকে ভরসা দিতে পারেননি। অল্প ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আফ্রিকান দলটি।
শেষদিকে ব্র্যাড ইভান্স ও রিচার্ড নাগারাভা ৪৪ রানের জুটি গড়ে ব্যবধান কিছুটা কমান। ইভান্স ২১ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেললেও ফল বদলায়নি। ১৭.৪ ওভারে ১৪৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে উজ্জ্বল ছিলেন গুদাকেশ মোতি। তিনি ২৮ রানে ৪ উইকেট নেন। আকিল হোসেন শিকার করেন ৩ উইকেট। এছাড়া ম্যাথু ফোর্ড দুটি এবং জেসন হোল্ডার একটি উইকেট নেন।
-এমইউএম










