অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের বেশির ভাগই আইনে পরিণত হচ্ছে না

১৮ মাস দায়িত্ব পালনকালে অন্তর্বর্তী সরকার মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছিল। তবে এসব অধ্যাদেশের বেশির ভাগই বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে আইনে রূপান্তরিত হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ ও অধ্যাদেশের সঙ্গে বিএনপির নীতিগত অমিল থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

১২ মার্চ শুরু হচ্ছে সংসদের প্রথম অধিবেশন

মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন বেলা ১১টায় অধিবেশন শুরু হবে। এ উপলক্ষে সংসদ সচিবালয় প্রস্তুতি নিচ্ছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে আইনে পরিণত করতে হয়। তা না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

কোন অধ্যাদেশগুলো টিকতে পারে

সংসদ সচিবালয়ের সূত্র জানায়, জারি করা ১৩২টি অধ্যাদেশের মধ্যে অর্ধশতাধিক আইনে রূপ পেতে পারে। বাকিগুলো বাতিল হিসেবে গণ্য হবে। যেসব ক্ষেত্রে অধ্যাদেশ জারি হয়েছিল, তার মধ্যে রয়েছে-

  • নির্বাচন কমিশন
  • বিচারব্যবস্থা
  • আইনশৃঙ্খলা ও ফৌজদারি অপরাধ
  • দুর্নীতি দমন ও অর্থ পাচার
  • জনপ্রশাসন ও স্থানীয় সরকার
  • অর্থনীতি, রাজস্ব, কর ও বাজেট
  • ব্যাংকিং ও আর্থিক খাত
  • ডিজিটাল ও সাইবার নিরাপত্তা
  • মানবাধিকার ও সুশাসন

সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক অধ্যাদেশগুলো এড়িয়ে যাওয়ার কৌশল নেওয়া হয়েছে। তবে রাষ্ট্রের গুণগত সংস্কার ও জনস্বার্থ সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো আইনে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইনে রূপান্তরের প্রক্রিয়া

কোনো অধ্যাদেশ আইনে পরিণত করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যালোচনা করবে সেটির বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজনীয়তা আছে কি না। প্রয়োজন হলে— সংশ্লিষ্ট মন্ত্রী সিদ্ধান্ত দেবেন, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে, মন্ত্রিসভায় অনুমোদনের পর তা সংসদে তোলা হবে।

উল্লেখযোগ্য কয়েকটি অধ্যাদেশ

  • অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ–২০২৪: প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা, ক্ষমতা ও কার্যাবলি নির্ধারণ।
  • বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধন: ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে পরিবর্তন।
  • জেলা ও উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ–২০২৪: স্থানীয় সরকার ব্যবস্থায় প্রশাসনিক পুনর্বিন্যাস।
  • আইনি সহায়তা, বন সংরক্ষণ ও বন্যপ্রাণী নিরাপত্তা সংক্রান্ত অধ্যাদেশ (২০২৪–২৫)।

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের পরিসংখ্যান

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্বকালীন সময়ে—

  • ২০২৪ সালে: ১৭টি
  • ২০২৫ সালে: ৮০টি
  • ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত: ৩৫টি
  • মোট ৫৫৯ দিনে ১৩২টি অধ্যাদেশ জারি করা হয়।

অতীতে ফখরুদ্দিন আহমদ নেতৃত্বাধীন এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১১ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত ১২২টি অধ্যাদেশ জারি করেছিল।

পরবর্তীতে নবম জাতীয় সংসদে এসব অধ্যাদেশ একসঙ্গে উপস্থাপন করা হয়। একটি বিশেষ সংসদীয় কমিটি ৫৪টি অধ্যাদেশ আইনে রূপান্তরের সুপারিশ করে। বাকি অধ্যাদেশগুলো ৩০ দিনের মধ্যে অনুমোদন না পাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

সাংবিধানিক ভিত্তি

সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। তবে তা পরবর্তী সংসদ অধিবেশনের প্রথম দিনেই উপস্থাপন করতে হয়।

নতুন সরকারের সূচনা

১৭ ফেব্রুয়ারি তারেক রহমান নেতৃত্বে নতুন সরকার শপথ নেওয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দেড় বছরের অধ্যায় শেষ হয়। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করে বিএনপি। এর মাধ্যমে দেশ আবার পূর্ণাঙ্গ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তন করল।

-এমইউএম