দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ; একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪

কুমিল্লার দাউদকান্দিতে রান্নার গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে দগ্ধরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্ফোরণে দগ্ধরা হলেন— মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), তার স্ত্রী উম্মে হুমায়রা (৩০) এবং তাদের দুই বছরের শিশু সন্তান হুররাম (২)। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের সকাল ৬টার দিকে জরুরি বিভাগে আনা হয়। তাদের শরীরের দগ্ধের পরিমাণ নিম্নরূপ: উম্মে হুমায়রা: শরীরের ৬৫ শতাংশ। জিল হক: শরীরের ৫৪ শতাংশ। হুররাম (শিশু): শরীরের ৬ শতাংশ। মনোয়ারা বেগম: শরীরের ২ শতাংশ।

প্রাথমিকভাবে জানা গেছে, ভোরে রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। দগ্ধদের মধ্যে জিল হক ও হুমায়রার শরীরের অর্ধেকেরও বেশি পুড়ে যাওয়ায় তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দম্পতির (জিল ও হুমায়রা) শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা তাদের জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। দগ্ধদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

লামিয়া আক্তার