আন্তর্জাতিক ডেস্ক
প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে নিহত হয়েছেন মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস, যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন কুখ্যাত ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’ (সিজেএনজি)-এর প্রধান।
যেভাবে চলে অভিযান
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় জলিস্কো রাজ্যের একটি বনাঞ্চলে এল মেনচোর গোপন আস্তানায় অভিযান চালায় বিশেষ বাহিনী। তার এক ঘনিষ্ঠ নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযানের পরিকল্পনা করা হয়।
অভিযানের সময় এল মেনচোর সশস্ত্র সহযোগীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালালে কয়েক ঘণ্টার তীব্র সংঘর্ষ হয়। এতে এল মেনচো ও তার দুই দেহরক্ষী গুরুতর আহত হন। তাদের হেলিকপ্টারে করে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথেই তিনজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে রকেট লঞ্চার, গ্রেনেড ও মর্টার শেলসহ বিপুল পরিমাণ ভারী অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই জলিস্কোসহ মেক্সিকোর একাধিক রাজ্যে প্রতিশোধমূলক সহিংসতা শুরু হয়েছে। কার্টেলের সদস্যরা সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। সরকারি তথ্যমতে, এই সহিংসতায় এখন পর্যন্ত ২৫ জন ন্যাশনাল গার্ড সদস্য নিহত হয়েছেন এবং ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূমিকা
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম জানিয়েছেন, অভিযানে যুক্তরাষ্ট্রের বাহিনী সরাসরি অংশ না নিলেও গোয়েন্দা তথ্য বিনিময় হয়েছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদকচক্র দমনে মেক্সিকোকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, এল মেনচোর মৃত্যু সিজেএনজি কার্টেলের জন্য একটি বড় ধাক্কা হলেও, নতুন নেতৃত্ব নির্ধারণকে কেন্দ্র করে দেশটিতে স্বল্পমেয়াদে সহিংসতা আরও বাড়তে পারে।
সূত্র: রয়টার্স










