নিষিদ্ধ আ.লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনিভাবে দেখা হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টিকে আইনগতভাবে দেখা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে
মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দলীয় কার্যালয়ে আসেন মির্জা ফখরুল। সকাল সাড়ে ১০টায় তিনি কার্যালয়ে পৌঁছালে নেতাকর্মী ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

‘অনেক জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে’—এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, “এটি আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাই বিষয়টিকে সেভাবেই সব জায়গায় দেখা হবে।”

স্থানীয় সরকার নির্বাচন ও নারী আসন
ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কারণে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “না, নির্বাচনকে প্রাধান্য দিয়েই সবগুলোকে একটি সঠিক সময়ে সম্পন্ন করার ব্যবস্থা আমরা করব।”

সংসদে সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নের যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, দলের আদর্শ, জনগণের সঙ্গে সম্পৃক্ততা এবং দলের জন্য ত্যাগই হবে মূল যোগ্যতা। একই পরিবার থেকে একাধিক সদস্য মনোনয়ন পাবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

প্রাণ ফিরেছে নয়াপল্টনে
গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়টি প্রায় নেতাকর্মীশূন্য ছিল। আজ মির্জা ফখরুলের আগমনকে কেন্দ্র করে দীর্ঘ নীরবতা ভেঙে কার্যালয়টি আবারও নেতাকর্মীদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে।

মোঃ আশফুল আলম