সৌদিফেরত রিজিয়ার পরিবারের সন্ধান মিলেছে, কাল হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

সৌদি আরব থেকে দেশে ফিরে স্মৃতিভ্রষ্ট হয়ে পড়া রিজিয়া বেগমের পরিবারের সন্ধান অবশেষে মিলেছে। দেশে ফেরার ১২ দিন পর আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বিশ্লেষণ করে জানা গেছে, তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মামদনগর গ্রামে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে রিজিয়ার পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

যেভাবে দেশে ফেরা ও পরিবারের সন্ধান
গত ১২ ফেব্রুয়ারি বিকেলে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় নামেন রিজিয়া বেগম। এসময় তিনি নিজের ঠিকানা বা পরিবারের কোনো তথ্যই জানাতে পারছিলেন না। তখন বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা তাকে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে হস্তান্তর করেন।

ব্র্যাক জানায়, তার কাছে কোনো পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র ছিল না। শুধু বিমানের টিকিটে ‘রিজিয়া বেগম’ নামটি পাওয়া যায়। বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এগিয়ে আসে। পিবিআই সদস্যরা রিজিয়ার আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডেটাবেসের সঙ্গে মিলিয়ে তার পরিচয় ও ঠিকানা নিশ্চিত করেন।

এরপর ব্র্যাকের কর্মীরা বড়লেখায় গিয়ে তার পরিবারকে খুঁজে বের করেন। রিজিয়াকে গ্রহণ করার জন্য তার ছেলে ও মেয়ে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন।

মোঃ আশফুল আলম