টি-টোয়েন্টি বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পাকিস্তানের রহস্যময় অফ স্পিনার উসমান তারিক। তবে আসন্ন ম্যাচে ইংল্যান্ড শুধু এই এক বোলারকে ঘিরে পরিকল্পনা করছে না। ইংলিশ স্পিনার লিয়াম ডসন জানিয়েছেন, তাদের লক্ষ্য পুরো পাকিস্তান দলকেই নিষ্ক্রিয় করে রাখা।
সুপার এইট পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে আছে ইংল্যান্ড। পরের ম্যাচে মঙ্গলবার পাল্লেকেলেতে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। বৃষ্টির কারণে পাকিস্তানের প্রথম ম্যাচটি ভেস্তে যাওয়ায় এই লড়াইটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা নিয়েই বিশ্বকাপে খেলতে এসেছেন উসমান তারিক। কিন্তু পারফরম্যান্সে তার অভিজ্ঞতার ঘাটতির কোনো ছাপ নেই। আধুনিক রহস্য স্পিনারদের মতো ক্যারম বল, গুগলি ও গতির বৈচিত্র রয়েছে তার অস্ত্রভাণ্ডারে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার অস্বাভাবিক বোলিং অ্যাকশন নিয়ে।
রান-আপ শেষে ডেলিভারি স্ট্রাইডে এসে কয়েক সেকেন্ড থেমে গিয়ে পরে লো-আর্ম বা সাইড-আর্ম ভঙ্গিতে বল ছাড়েন তিনি। এই অপ্রচলিত ভঙ্গিই ব্যাটসম্যানদের জন্য বাড়তি ধাঁধা তৈরি করছে।
বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে উইকেট পেয়েছেন প্রতিটিতেই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৭ রানে ৩ উইকেট নেওয়ার পর ভারতের বিপক্ষে শিকার করেন একটি উইকেট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট নিয়ে গড়েন স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের সেরা বোলিং। পাকিস্তানের হয়ে মাত্র ৬ ইনিংস খেলেই দুইবার চার উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন তিনি।
এবারের আসরে কমপক্ষে পাঁচ উইকেট পাওয়া স্পিনারদের মধ্যে তারিকই এখন পর্যন্ত সবচেয়ে কম রান দিয়েছেন ওভারপ্রতি—৫.৮২।
তারিক ছাড়াও পাকিস্তান দলে আছেন একাধিক কার্যকর স্পিনার—শাদাব খান, আবরার আহমেদ, সাইম আইয়ুব, মোহাম্মাদ নাওয়াজ ও সালমান আলি আগা। ফলে একক কোনো ক্রিকেটারকে ঘিরে পরিকল্পনা করলে ঝুঁকি থেকেই যায়।
লিয়াম ডসন বলেন, ‘এটা শুধু তারিককে নিয়ে নয়। তাদের দলে ভয়ঙ্কর কয়েকজন ক্রিকেটার আছে। তারা খুবই শক্তিশালী দল। অবশ্যই তারিক ভালো বোলার, কিন্তু আমরা কেবল তাকে নিয়েই ভাবছি না।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের লক্ষ্য পুরো দলকে নিয়ে পরিকল্পনা করা এবং কীভাবে তাদের থামানো যায়, সেটি খুঁজে বের করা।
-সাইমুন










