গাজীপুরের টঙ্গী পাগাড় ঝিনু মার্কেট এলাকায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর, ফাঁকা গুলিবর্ষণ ও লুটপাটের ঘটনায় সোমবার সকালে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রবিউল ইসলাম রাজ, নয়ন ও শাফি। তবে আলোচিত ঘটনায় লুন্ঠিত প্রায় দশ থেকে এগার লাখ টাকার মালামাল ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী লিটন ও পুলিশ জানান, ওই এলাকায় রবিউল ইসলাম রাজ ও আব্দুল মালেক এদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে একটি মারামারির ঘটনা ঘটে গত শনিবার বিকালে। এসময় পাশের লিটন এন্টারপ্রাইজের ব্যবসায়ী শাহাদাত হোসেন ও ফিরোজ মিয়া ঘটনাটি দেখতে ঘটনাস্থলে যান তারা। ওই ঘটনা দেখতে যাওয়াকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী লিটন এন্টার প্রাইজে গত রবিবার বিকালে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর, ফাঁকা গুলি বর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটনায়। এ ঘটনায় শাহাদাত হোসেন ও ফিরোজ মিয়া গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লুন্ঠিত টাকা, বেশ কয়েকটি মোবাইল ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে কাজ করছে পুলিশ।
-সাইমুন










