নেপালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, বিদেশি পর্যটকসহ ১৮ জনের প্রাণহানি

নেপালের ধাদিং জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি নদী ত্রিশুলিতে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ১৮ জন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার গভীর রাতে ধাদিং জেলার গাজুরি এলাকায় পৃথ্বী মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি পর্যটন নগরী পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে পৃথ্বী হাইওয়ে দিয়ে চলার সময় বাসটি আচমকা সড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী গভীর নদীতে উল্টে পড়ে। এই ঘটনায় বাসে থাকা আরও ২৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা প্রকাশ দাহাল ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মোট ৪৪ জন যাত্রীর মধ্যে ১৯ জন মারা গেছেন ও ২৫ জন চিকিৎসাধীন। তিনি নিশ্চিত করেন, নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ছিলেন।

তিনি জানান, একজন চীনা নাগরিক ও একজন নিউজিল্যান্ডের নাগরিক আহত হয়েছেন। তবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য তিনি দেননি।

ধাদিং জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য কর্মকর্তা মোহন প্রসাদ নেউপানে জানান, ভোরের আগেই উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

২০২৪ সালের জুলাই মাসে একই নদীতে ৫০ জনের বেশি যাত্রী বহনকারী দুটি বাস ভূমিধসে সড়ক থেকে পড়ে গিয়েছিল।

হিমালয়ঘেরা দেশ নেপালের খারাপ সড়কব্যবস্থা, রক্ষণাবেক্ষণহীন যানবাহন ও বেপরোয়া চালনার কারণে এমন মারাত্মক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

-বেলাল