শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পার্শ্ববর্তী লোকজন আগুন দেখে দ্রুত গিয়ে নিজস্ব উদ্যোগে আগুন নেভাতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন লাগার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করেই শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের দোতলায় কালো ধোঁয়া দেখতে পায়। এ সময় ভবনের দোতলায় আগুন জ্বলতে থাকে। পার্শ্ববর্তী সিঙ্গার শোরুমের ম্যানেজার দ্রুত গিয়ে তাদের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনলাগা কক্ষে গিয়ে দেখা গেছে ভেতরে থাকা আবর্জনা ও ককশিট পুড়ে গেছে। কেবা কারা আগুন দিয়েছে এটি কেউ স্পষ্টত বলতে পারেনি।

সিঙ্গার শোরুমের ম্যানেজার মোঃ মিজানুর রহমান জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করেই তাদের গোডাউনের ছাদের উপর কালো ধোঁয়া দেখতে পান। গোডাউনে আগুন লেগেছে ভেবে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের দোতালায় আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে তিনি তাদের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। কিভাবে আগুন লেগেছে এটি তিনি বলতে পারেননি।

মাওনা ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ খাইরুল ইসলাম জানান, আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আগুন লাগার কোন খবর আমরা পায়নি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে শ্রীপুর থানার ওসিকে একাধিকবার ফোন করলেও রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি৷

-মাহমুদুল হাসান,শ্রীপুর,গাজীপুর