আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাংবাদিক ও পর্যবেক্ষকদের পরিচয়পত্র এবং গাড়ির স্টিকার প্রদানের প্রক্রিয়ায় আমূল পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো এই সেবা পুরোপুরি অনলাইনভিত্তিক করা হয়েছে। এখন থেকে সংশ্লিষ্টদের কার্ডের জন্য সশরীরে নির্বাচন কমিশনে যেতে হবে না; আবেদন থেকে কার্ড সংগ্রহ—সবই করা যাবে ইন্টারনেটে।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগে প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সশরীরে ইসি বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদন করতে হতো। এতে সময়ের অপচয় ও খরচ বেশি হতো। সেই সনাতনী পদ্ধতি থেকে সরে এসে এবার ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে।
আগ্রহী ব্যক্তি ও সংস্থাকে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার জন্য তৈরি নতুন ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের জন্য যা যা প্রয়োজন:
১. অফিস প্যাডে করা আবেদনের কপি।
২. প্রাতিষ্ঠানিক আইডি কার্ডের কপি।
৩. জাতীয় পরিচয়পত্রের কপি।
৪. ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড বাধ্যতামূলক।
ইসি জানিয়েছে, অনলাইনে আবেদন করার পর সেটি অনুমোদিত হলে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মী বা পর্যবেক্ষক সংস্থা ঘরে বসেই তাদের কার্ড ডাউনলোড করতে পারবেন। এমনকি দেশীয় পর্যবেক্ষকরা তাদের নির্ধারিত গাড়ির স্টিকারও একই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
এই পদক্ষেপের ফলে ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কয়েক হাজার সংবাদকর্মী ও পর্যবেক্ষকের জন্য কার্ড প্রাপ্তি আরও সহজ ও হয়রানিমুক্ত হবে বলে আশা করছে কমিশন। একইসঙ্গে এটি কমিশনের প্রশাসনিক জটিলতা ও ব্যয়ও কমিয়ে আনবে।
-এম. এইচ. মামুন










