রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের বাধা দেওয়ায় সোহান (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নবীনগর হাউসিংয়ের ২ নম্বর রোডে এই ঘটনা ঘটে। আহত সোহান তুরাগ ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র।
আহত সোহানের বাবা জামাল হোসেন জানান, রাতে দুই বন্ধু মিলে নবীনগর হাউসিং এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একদল ছিনতাইকারী সোহানের বন্ধুর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বন্ধুকে বাঁচাতে সোহান বাধা দেয় এবং একপর্যায়ে মোবাইলটি মাটিতে ফেলে দিয়ে দৌড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা সোহানকে ধাওয়া করে ধরে ফেলে এবং দুই হাঁটুর নিচে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
সোহানের পরিবার অভিযোগ করেছে, এই হামলার নেপথ্যে ঢাকা উদ্যান এলাকার চিহ্নিত ছিনতাইকারী শাহিনের অনুসারীরা জড়িত। বর্তমানে সোহান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছে। তার পায়ের আঘাত বেশ গুরুতর বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত সাড়ে ১১টার দিকে ওই কিশোরকে জরুরি বিভাগে আনা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
–লামিয়া আক্তার










