আমরা কথা কম বলতে চাই, কাজ বেশি করতে চাই- আমীর খসরুর

নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আগাম কোনো চটকদার বক্তব্যের চেয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণই তার প্রধান অগ্রাধিকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা কথা কম বলতে চাই, কাজ বেশি করতে চাই।”

সদ্য দায়িত্ব গ্রহণ করায় দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, চলমান প্রকল্প এবং মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলো নিবিড়ভাবে পর্যালোচনার ওপর জোর দিয়েছেন মন্ত্রী। কোনো ধরনের অনুমাননির্ভর বক্তব্য না দিয়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে চান তিনি। আমীর খসরু সাংবাদিকদের বলেন, “আমি মাত্রই এসেছি। আগেভাগেই বেশি কথা বলে কোনো লাভ নাই। আমাকে থিতু হতে দিন, পরিস্থিতি পর্যালোচনা করতে দিন। যথাসময়ে সবকিছু জানানো হবে।”

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের দীর্ঘমেয়াদি লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি অত্যন্ত সতর্ক মন্তব্য করেন। তিনি জানান, পূর্ণাঙ্গ মূল্যায়ন ছাড়া এই মুহূর্তে কোনো নির্দিষ্ট তথ্য বা প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। সঠিক তথ্য ও প্রমাণনির্ভর বিশ্লেষণের পরই তিনি নীতিনির্ধারণী বিষয়ে কথা বলবেন।

উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি এবং বাস্তবায়ন বিলম্বের মতো পুরনো সমস্যাগুলো নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, এগুলো প্রশাসনিক প্রক্রিয়ার অংশ এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমেই এর সমাধান হবে। তিনি আশ্বস্ত করেন যে, অভ্যন্তরীণ মূল্যায়ন শেষ হলে জনগণের সামনে সব তথ্য স্বচ্ছতার সঙ্গে তুলে ধরা হবে।

মন্ত্রী আমীর খসরু মনে করেন, পর্যাপ্ত মূল্যায়ন ছাড়া মন্তব্য করলে জনগণের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। তার মতে, “শুধু বলার জন্য কিছু বলা আমি সঠিক মনে করি না, বরং যা প্রয়োজন তা হলো বস্তুনিষ্ঠ ও অর্থবহ বক্তব্য।”

লামিয়া আক্তার