স্পেনে গলফ কিংবদন্তি সেভে বালেস্তেরোসের নিখোঁজ ভাস্কর্য খণ্ডিত অবস্থায় উদ্ধার

ছবিঃ সংগৃহীত

স্পেনের গলফ কিংবদন্তি সেভে বালেস্তেরোস–এর একটি ভাস্কর্য চুরি ও টুকরো টুকরো করে কাটার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

উত্তর স্পেনের কান্তাব্রিয়া অঞ্চলের পেদ্রেনা শহর থেকে নিখোঁজ হওয়া প্রয়াত এই গলফারের ভাস্কর্যটি সান্তান্দারের একটি গুদামঘর থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ব্রোঞ্জ বিক্রির উদ্দেশ্যে ভাস্কর্যটি কেটে ফেলা হয়েছিল।

প্রায় ৩০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৪০ লাখ টাকা) মূল্যের এই ভাস্কর্যটি আর্থিক মূল্যের চেয়ে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের কাছে আবেগগত দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। উদ্ধারকৃত ভাস্কর্যটির কোমর বরাবর কাটা ছিল। যদিও মাথা ও ধড় অক্ষত ছিল, তবে দুই হাত ভেঙে একাধিক টুকরো করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে আগে তামা চুরির অপরাধে জড়িত থাকার রেকর্ড রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

পুলিশের তদন্ত মূলত ধাতু কেনাবেচার কেন্দ্রগুলোর দিকে কেন্দ্রীভূত ছিল, কারণ ধারণা করা হচ্ছিল চোরেরা ব্রোঞ্জ বিক্রির চেষ্টা করবে।

প্রায় ১০০ কেজি ওজনের এই ভাস্কর্যটি চলতি মাসের শুরুতে পেদ্রেনার লা বারকেরিয়া পার্ক থেকে উপড়ে ফেলা হয়। পরে সেটিকে ঘাসের ওপর টেনে নিয়ে গিয়ে পরিবহনের সুবিধার্থে খণ্ডিত করা হয়।

২০০৯ সালে ভাস্কর সালভাদোর গার্সিয়া সেবালোস নির্মিত এই ভাস্কর্যটি ২০১৭ সালে স্থায়ীভাবে পেদ্রেনায় স্থাপন করা হয়। এতে স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজে ১৯৮৪ সালের ব্রিটিশ ওপেন জয়ের পর বালেস্তেরোসের উদযাপনরত ভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছিল।

পাঁচটি মেজর শিরোপা জয়ী সেভে বালেস্তেরোস গলফ কোর্সে প্রতিকূল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর অসাধারণ দক্ষতার জন্য ভক্তদের কাছে বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। ক্যানসারের সঙ্গে লড়াই শেষে তিনি ২০১১ সালে ৫৪ বছর বয়সে মারা যান।

বেলাল হোসেন/