পশ্চিম ইউক্রেনের লভিভ শহরের কেন্দ্রস্থলে রাতের বিস্ফোরণে ২৩ বছর বয়সী এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এটি ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে।
স্থানীয় সময় শনিবার রাত ১২:৩০ মিনিটে একটি দোকানে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রথম বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর অন্য একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে দ্বিতীয় বিস্ফোরণ হয়। হামলায় একটি পুলিশ গাড়ি এবং একটি বেসামরিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
লভিভের মেয়র আন্দ্রি সাদোভি ফেসবুকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তিনি নিহত পুলিশ কর্মকর্তার পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
লভিভ শহর পোল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত এবং যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে। ২০২২ সালের রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের পর থেকে এখানে বিক্ষিপ্ত হামলা হলেও শহরের কেন্দ্রস্থলে এত মারাত্মক বিস্ফোরণ বিরল।
-বেলাল










