তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ফলে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছিল এটি প্রমাণিত সত্য। পরবর্তীতে খালগুলো প্রায় মৃত হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জিয়াউর রহমানের সেই কর্মসূচির ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী নতুন করে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এর মাধ্যমে জোয়ার-ভাটার পানি আবারও কৃষিজমিতে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
মন্ত্রী বলেন, “আমরা কোনো দলীয় রাষ্ট্র বা দলীয় সরকার গঠন করতে চাই না। জনগণ আমাদের নির্বাচিত করলে আমরা সরকারে থাকবো, না হলে থাকবো না। তবে নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।”
তিনি আরও বলেন, প্রশাসন ও পুলিশকে জনগণের জন্য কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করে দিতে হবে।
জহির উদ্দিন স্বপন জানান, সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। জাতীয় এই উদ্যোগের অংশ হিসেবেই বরিশালে পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এর পাশাপাশি বনায়ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে এবং গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও গতিশীল করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-এমইউএম









