নিরাপত্তাহীনতায় ভুগছেন ভ্রাম্যমাণ কাশ্মীরি বিক্রেতারা

ভারতের বিভিন্ন রাজ্যে কাশ্মীরি শাল বিক্রেতাদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার শঙ্কায় অনেকেই কাশ্মীরে ফিরছেন, আবার কেউ কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিরাপদ এলাকা সম্পর্কে তথ্য ভাগাভাগি করছেন। “ব্যবসার চেয়ে নিরাপত্তাই এখন অগ্রাধিকার,” বলেন এক বিক্রেতা। খবর আলজাজিরার।

গত মাসে উত্তরাখণ্ডে ১৮ বছর বয়সী তাবিশ আহমদ গনি মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন। তার অভিযোগ, কাশ্মীরি মুসলিম পরিচয়ের কারণেই তাকে হামলা করা হয়েছে। একইভাবে আরও কয়েকজন বিক্রেতা বিভিন্ন রাজ্যে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন।

স্থানীয় সূত্র বলছে, সাম্প্রতিক মাসগুলোতে কাশ্মীরি ছাত্র, শ্রমিক ও ব্যবসায়ীদের ওপর প্রায় ২০০টি হামলার ঘটনা ঘটেছে। অনেককে মারধর ও হুমকি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে।

২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী -এর সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর অঞ্চলটিতে কর্মসংস্থান সংকট বেড়েছে। ফলে জীবিকার তাগিদে বাইরে যাওয়া কাশ্মীরিরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজনৈতিক নেতারা হামলার নিন্দা জানালেও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ভীতি কাটেনি। তাদের কথায়, জীবিকার চেয়ে এখন নিরাপদে বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ।

-বেলাল