যুক্তরাষ্ট্রের চাপে নত হবে না ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের চাপের মুখে পরমাণু কর্মসূচি নিয়ে কোনোভাবেই নতি স্বীকার করবে না বলে ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট  মাসউদ পেজেশকিয়ান। শনিবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা কোনো চাপের কাছে মাথা নত করব না।” খবর আলজাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প  সম্প্রতি ইরানের সঙ্গে চুক্তি না হলে সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছেন বলে ইঙ্গিত দেন। এর মধ্যেই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র দুটি বিমানবাহী রণতরী ও শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করে সামরিক উপস্থিতি জোরদার করেছে।

এ মাসের শুরুতে ওমানে এবং পরে সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ পরমাণু আলোচনা অনুষ্ঠিত হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, একটি খসড়া চুক্তি চূড়ান্ত করে শিগগিরই ওয়াশিংটনে পাঠানো হতে পারে।

উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের সাধারণ নাগরিকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। কেউ কেউ সম্ভাব্য যুদ্ধ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, আবার কেউ মনে করছেন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সমঝোতার পথেই আসবে।

গত বছরও দুই দেশের আলোচনা ভেস্তে যায়, যখন ইসরায়েলের হামলার জেরে ১২ দিনের সংঘাতে জড়িয়ে পড়ে ইরান। পরে যুক্তরাষ্ট্র ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

সাম্প্রতিক পরিস্থিতিতে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়ায় সুইডেন, সার্বিয়া, পোল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে।

-বেলাল