মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির উদ্যোগে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে লাইব্রেরি মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুটি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিযোগিতা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণ হয়। এতে সভাপতিত্ব করেন লাইব্রেরির সহসভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম। লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি ও লেখক লাইব্রেরির সহসভাপতি সুখেন্দু সেন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, সহসাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস উদ্দিন ও অ্যাভোকেট এ আর জুয়েল, সাংবাদিক আকরাম উদ্দিন, শিক্ষক রইসুজ্জামান, সহসরকারী লাইব্রেরিয়ান মো. আকিক জাবেদ।
বক্তারা মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হয়েছে আবাবিল নূরারী শিশু একাডেমির শিক্ষার্থী ইরতিজা জাহান ইয়াসফি, দ্বিতীয় রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রূপায়ন রায়, তৃতীয় সৃজন বিদ্যাপীঠের রাজষী তালুকদার।
খ গ্রুপে প্রথম হয়েছে শান্তিগঞ্জ উপজেলায় শত্রুমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মনীষা রানী দেবী, দ্বিতীয় সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের তন্ময় সরকার তীর্থ, তৃতীয় ফারিহা একাডেমির শাফিকা সারার মাহিরা। এ ছাড়া দুই গ্রুপে ১৬ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের বই, নোকবুক ও শিক্ষা উপকরণ পুরস্কার দেওয়া হয়।
–লামিয়া আক্তার










