এনসিপি আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিবকে অব্যাহতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল ইয়ার্স অ্যালায়েন্স-এর যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুস সাকিবকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও অব্যাহতি প্রদান করা হয়েছে। সহকর্মীদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সংগঠনের দপ্তর সদস্য অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলীর সই করা এক চিঠিতে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। চিঠিতে জানানো হয়েছে, গত ১ ফেব্রুয়ারি নাজমুস সাকিবের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল এবং তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল।
অ্যাডভোকেট নাজমুস সাকিব ৫ ফেব্রুয়ারি ওই নোটিশের জবাব দিলেও সংগঠন তা গ্রহণ করেনি। চিঠিতে উল্লেখ করা হয়, তার দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় এবং সহকর্মীদের সঙ্গে বিরূপ ও কুরুচিপূর্ণ মন্তব্য, ঔদ্ধত্যপূর্ণ আচরণসহ অন্যান্য অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, শৃঙ্খলা উপ-কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল ল ইয়ার্স অ্যালায়েন্স-এর আহ্বায়ক ও সদস্য সচিবের অনুমোদনক্রমে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। এখন থেকে সংগঠনের কোনো কর্মকাণ্ডে নাজমুস সাকিবের সম্পৃক্ততা থাকবে না বলে জানানো হয়েছে।
লামিয়া আক্তার