জানুয়ারিতে ৫৫২ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫৪৬

প্রতীকী ছবি

যাত্রীকল্যাণ সমিতি জানায়, জানুয়ারি মাসে ৫৫২টি সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত এবং ১২০৪ জন আহত হয়েছেন। এই মাসে রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৭ জন নিহত, ৬ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক, রেল ও নৌপথে মোট ৫৯৭টি দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত এবং ১২৩৮ জন আহত হয়েছেন।

একই সময়ে ২০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন নিহত এবং ১৩২ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশ, নিহতের ৪০.৮৪ শতাংশ এবং আহতের ১০.৯৬ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে – ১৩২টি দুর্ঘটনায় ১৩৩ জন নিহত এবং ৩২৮ জন আহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে – ২৯টি দুর্ঘটনায় ২৮ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন।

সড়কে দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন ১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৩১ জন চালক, ৮৯ জন পথচারী, ৫৩ জন পরিবহণ শ্রমিক, ৭৯ জন শিক্ষার্থী, ৯ জন শিক্ষক, ৬২ জন নারী, ৬৭ জন শিশু, ৪ জন চিকিৎসক, ৪ জন সাংবাদিক, একজন বীর মুক্তিযোদ্ধা এবং ১১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। এর মধ্যে নিহত হয়েছেন দুজন পুলিশ, দুজন সেনা, একজন নৌবাহিনী সদস্য, চারজন চিকিৎসক, একজন বীর মুক্তিযোদ্ধা, ১২৭ জন চালক, ৮৯ জন পথচারী, ৫৪ জন নারী, ৪৮ জন শিশু, ৫৭ জন শিক্ষার্থী, ২১ জন পরিবহণ শ্রমিক, ৮ জন শিক্ষক এবং ১১ জন রাজনৈতিক নেতাকর্মী।

এই সময়ে সড়ক দুর্ঘটনায় ৮২৯টি যানবাহনের পরিচয় মিলেছে। এর মধ্যে ২৮.৪৬ শতাংশ মোটরসাইকেল, ২৩.৬৪ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি, ১৪.৩৫ শতাংশ বাস, ১৩.৬৩ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৫.৫৪ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৯.০৪ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, এবং ৫.৩০ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়েছে।

দুর্ঘটনার ধরন অনুযায়ী ৪৮.৩৬ শতাংশ গাড়িচাপা দেওয়ার ঘটনা, ২৮.৬২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৬.৮৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৫.৬১ শতাংশ বিবিধ কারণে, ০.১৮ শতাংশ চাকায় ওড়না পেছিয়ে এবং ০.৩৬ শতাংশ ট্রেন-যানবাহনের সংঘর্ষে সংঘটিত হয়েছে।

অঞ্চল অনুযায়ী, মোট দুর্ঘটনার ৪২.৫৭ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৭.৮৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৪.০৯ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়া ৪.৫২ শতাংশ দুর্ঘটনা ঢাকা মহানগরীতে, ০.৫৪ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে এবং ০.৩৬ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়েছে।

-এমইউএম