রাবিপ্রবিতে গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) গবেষণা, উদ্ভাবন ও পেটেন্ট কার্যক্রমকে বেগবান করার লক্ষে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (IQAC)-এর উদ্যোগে প্রশাসনিক ভবনের সভাকক্ষে ‘Research, Innovation and Patent’ শীর্ষক এই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী লিমিটেড (বিএসসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান। তিনি তাঁর প্রবন্ধে পেটেন্ট সচেতনতা, মেধাস্বত্ব সুরক্ষা এবং উদ্ভাবনী আইডিয়াকে কীভাবে স্টার্টআপ ও শিল্পখাতে রূপান্তর করা যায়, সে বিষয়ে তাত্ত্বিক ও প্রায়োগিক দিক তুলে ধরেন।

অনলাইনে যুক্ত থেকে সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি বলেন “আগামীর জ্ঞানভিত্তিক পৃথিবীতে টিকে থাকতে হলে গবেষণা ও নিজস্ব মেধাস্বত্ব (Patent) সৃষ্টির কোনো বিকল্প নেই। রাবিপ্রবি ভবিষ্যতে এ ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে বলে আমি আশাবাদী।”

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের (সিএসই, ম্যানেজমেন্ট, ফরেস্ট্রি, ট্যুরিজম এবং ফিশারিজ) সকল শিক্ষক অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, এই সেমিনারের মূল লক্ষ্য হলো: উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা। গবেষণার ফলাফলকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখা। বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সমন্বিত সহযোগিতার পথ উন্মুক্ত করা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালকবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা একমত হন যে, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উন্নয়নের জন্য এ ধরণের উদ্যোগ সময়োপযোগী।

দর্শন চাকমা, রাঙ্গামাটি