পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ-এর সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সার্কেল অফিসার ,উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাব রেজিস্ট্রার, সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সমবায় , মৎস্য কর্মকর্তা, প্রকৌশলী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, আনছার অফিসার ও শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
সভায় প্রতিমন্ত্রী উপজেলা পর্যায়ে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্প বাস্তবায়নের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শোনেন। তিনি জলাবদ্ধতা নিরসন, নদী ও খাল পুনঃখনন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, “উপজেলা পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সকল দপ্তরকে আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে। কোনো প্রকল্প যেন দীর্ঘসূত্রিতার কারণে থেমে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিবেশসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশনাও দেন তিনি।
ফরহাদ হোসেন আজাদ আশ্বাস দিয়ে বলেন, “দেবীগঞ্জ উপজেলার যেসব গুরুত্বপূর্ণ পানি সম্পদ সংক্রান্ত প্রকল্প রয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। নদীভাঙন ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং আমার পক্ষ থেকে যতরকম সহযোগিতা প্রয়োজন আমি তা করতে চেষ্টা করবো কিন্তু উন্নয়ন কর্মকাণ্ডে কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন।
সভা শেষে প্রতিমন্ত্রী কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
–রাসেল আহম্মেদ প্রধান, দেবীগঞ্জ (পঞ্চগড়)










