সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা আরও একটি হরিণ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন আড়পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দারা হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
স্থানীয় বাসিন্দা বাপি জোয়ারদার জানান, সকালে কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করলে সেটি একটি খালে পড়ে যায়। পরে খাল থেকে উঠে এসে হরিণটি তাদের বাগানে আশ্রয় নেয়। বিষয়টি জানতে পেরে গ্রামবাসী দ্রুত উদ্যোগ নিয়ে হরিণটিকে ধরে রাখেন এবং বন বিভাগকে খবর দেন।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, উদ্ধারকৃত হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সুস্থতা নিশ্চিত হওয়ার পর সেটিকে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম পার্ক এলাকায় অবমুক্ত করা হয়েছে।
এর আগে গত ২৫ ডিসেম্বর গাবুরা ইউনিয়নের সোরার এলাকার খোলপেটুয়া নদী থেকে একটি হরিণ উদ্ধার করা হয়। এছাড়া ৩১ ডিসেম্বর একই উপজেলার ডুমুরিয়া গ্রাম থেকে একটি হরিণ ও একটি বন্য শূকর উদ্ধার করা হয়েছিল।
সুন্দরবনের বন্যপ্রাণী বারবার লোকালয়ে চলে আসায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের অভিযোগ, শিকারিদের তাড়া ও নিরাপত্তাহীনতার কারণে হরিণসহ বন্যপ্রাণীরা বন ছেড়ে লোকালয়ের দিকে ছুটছে। সম্প্রতি এলাকায় অবৈধ শিকারির তৎপরতা বেড়ে যাওয়ায় এমন ঘটনা আরও বাড়ছে বলেও তারা দাবি করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খবর পাওয়ার পর গ্রামবাসীর সহযোগিতায় বন বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
আফরিনা সুলতানা/










