টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে দুই দলকেই এক পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।
শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে টসের পরপরই শুরু হওয়া টানা বৃষ্টিতে শেষপর্যন্ত খেলা গড়ায়নি মাঠে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যে প্লেয়িং কন্ডিশন রেখেছে, তাতে সুপার এইট পর্বের ম্যাচগুলোর জন্যও বাড়তি দিন নেই। নির্দিষ্ট দিনেই হতে হবে খেলা।
টি-টোয়েন্টি ম্যাচ হতে হলে, দুই দলকেই কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করতে হতো। তা সম্ভব না হলে সুপার ওভার খেলা হতো। যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে, সুপার ওভার চলবে। বৃষ্টির জন্য সুপার ওভারও সম্ভব হয়নি। যে কারণে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়।
পাকিস্তান গ্রুপপর্বে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে উঠে যায়। তবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে যায় বাবর আজমরা।
অন্যদিকে নিউজিল্যান্ড গ্রুপর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডাকে হারিয়ে সুপার এইটে উঠে যায়।
-সাইমুন










