মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকে ঘিরে সৃষ্ট উত্তেজনার সূত্রপাত ঘটে একটি স্লোগানকে কেন্দ্র করে। উপস্থিত জামায়াত কর্মীরা ‘ভাষা সৈনিক গোলাম আযম, লও লও লও সালাম’ স্লোগান দিলে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ২২ মিনিটে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তার সঙ্গে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শহীদ মিনারের শহীদদের শ্রদ্ধা জানাতে আসা জনতা ‘রাজাকার’ বিরোধী স্লোগান দিতে থাকেন। এর জবাবে উপস্থিত জামায়াত কর্মীরা ‘ভাষা সৈনিক গোলাম আযম, লও লও লও সালাম’ স্লোগান দিলে পরিবেশ দ্রুত উত্তপ্ত হয়ে পড়ে। পাল্টাপাল্টি স্লোগানে শহীদ মিনার প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উপস্থিত জনতার মধ্যে ক্ষোভের প্রতিক্রিয়া দেখা যায়।
হট্টগোল শুরু হলে জোটের নেতারা দ্রুত আমিরের গাড়ির দিকে সরে যান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং নিরাপত্তা বলয় তৈরি করেন। পরে ডা. শফিকুর রহমান ও তার সফরসঙ্গীরা শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।
ভাষা শহীদদের স্মরণে নির্ধারিত জাতীয় শ্রদ্ধার মুহূর্তে জামাতের নেতা কর্মীর এমন স্লোগান ঘিরে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ঘটনাটি নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। ##
_এজাজ আহম্মেদ/মামুন










