নতুন প্রধানমন্ত্রী হিসেবে তেজগাঁওস্থ কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরুর প্রথম দিনেই গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় সভাপতিত্ব করেছেন তারেক রহমান। শনিবারের এই বিশেষ সভার মূল আলোচ্য বিষয় ছিল দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক সভা। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক সহনশীলতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে জানিয়ে দেন যে, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের আপস করা হবে না।
সভায় বিভেদ সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতা বা উস্কানি রোধে প্রশাসনকে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষের মধ্যে যেন কোনো ধরনের বিভাজন তৈরি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের নবনিযুক্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রধানমন্ত্রী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং ধর্মীয় ও সামাজিক ঐক্য অটুট রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন।
–লামিয়া আক্তার










