বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, মানুষের আশা আকাঙ্খা পূরণে আমরা সর্বোচ্চ আত্মনিয়োগ করবো। এজন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নবীনদের অংশগ্রহণের উপর জোর দিয়েছেন। প্রবীণদের চেয়ে তারা এখন বেশি ভূমিকা রাখবে দেশের গুনগত পরিবর্তন আনার জন্য। তিনি বলেন, চাঁদাবাজি ও অপরাধ করলে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও পল্লী বিদ্যুৎ, পিডিবি, পেট্রোবাংলা, নেসকো, নওপাজেকো, পিজিসিবি এর কর্মকর্তার উপস্থিতি ছিলেন।
কর্মকর্তাদের সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষ কথায় নয়, কাজ দেখতে চায়। তাদের দৃশ্যমান পরিবর্তন দেখাতে হবে।
মন্ত্রী বলেন, সরকার ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করার জন্য প্রতিটি মন্ত্রণালয়, দপ্তরকে নির্দেশ দিয়েছে। আমার মন্ত্রণালয় ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করছে। তিনি জেলার সকল দপ্তরকে ১৮০ দিনের কর্মসূচি তৈরি করে জমা দিতে নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন, নির্বাচনী কমিটমেন্টগুলো পূরণে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জনগণকে দেখাতে হবে যে কিছু পরিবর্তন শুরু হয়েছে। তিনি উন্নয়ন কার্যক্রমের গুণগত মান বজায় রাখার নির্দেশ প্রদান করেন।
মন্ত্রী বলেন, আমরা গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যিকারের উন্নয়নমূখী সমাজ উপহার দিতে চাই। এ জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।
-সাইমুন










