‘ডাইনি’ সন্দেহে ঝাড়খণ্ডে নারী ও শিশু পুড়িয়ে হত্যা

ছবিঃ সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডের কুদসাই গ্রামে এক নারী ও তাঁর ১০ মাস বয়সী শিশুকে ‘ডাইনি’ আখ্যা দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। হামলায় নারীটির স্বামীও দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের ধরতে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের গুজবের সূত্রপাত হয়েছিল কিছু পশু এবং এক ব্যক্তির অসুস্থতার পর। গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন, জ্যোতি সিনকু নামের নারী জাদুবিদ্যা বা ‘ডাইনি’ চর্চা করছেন। মঙ্গলবার সন্ধ্যায় গ্রামে একাধিক হামলাকারী নারীর বাড়িতে চড়াও হয়ে তাঁকে ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যা করে।

হামলার পর কোলহান সিনকু জানান, তিনি গ্রামসভায় শান্তিপূর্ণ সমাধানের জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু হামলাকারীরা তাঁর কথা শোনেননি। জেলার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গ্রামে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে ভারতে ‘ডাইনি’ সন্দেহে প্রায় ২,৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী।

-বেলাল