আজ সোহেল রানার জন্মদিন

ঢালিউডের বরেণ্য অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা আজ ৮০তম জন্মদিন উদযাপন করছেন। ১৯৪৭ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করা এই শিল্পী জানান, আগে জন্মদিনে বয়স বাড়ার আনন্দ অনুভব করতেন, কিন্তু এখন মনে হয় বয়স বাড়ছে না, কমছে। তিনি বলেন,জীবনের বাকি দিনগুলো ভালো কাজের মধ্যে কাটাতে চাই এবং সবার দোয়া চাই যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি।

সোহেল রানা বরিশাল জেলার পৈতৃক বাসিন্দা। মাত্র ১৪ বছর বয়সে ১৯৬১ সালে রাজনীতিতে যুক্ত হন এবং ছাত্রলীগ নেতা হিসেবে ছাত্র অবস্থায় সক্রিয় ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে অংশগ্রহণের পর চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। প্রথম প্রযোজনা হিসেবে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর সঙ্গে যুক্ত হন, যা পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম এবং ১৯৭২ সালে মুক্তি পায়।

পরবর্তীতে তিনি পারিবারিক নাম মাসুদ রানা বাদ দিয়ে ‘সোহেল রানা’ নামে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৭৪ সালে কাজী আনোয়ার হোসেনের কাল্পনিক চরিত্র মাসুদ রানা সিরিজ অবলম্বনে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে নায়ক ও পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। অভিনয় জীবনে ‘এপার ওপার’, ‘দস্যু বনহুর’, ‘জীবন নৌকা’সহ প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তিনি অভিনয় থেকে দূরে থাকলেও বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয়।

-বিথী রানী মণ্ডল