১ হাজার ৩০০ কোটি রুপি আয় করেছে ধুরন্ধর

নেটফ্লিক্সে মুক্তির পর ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন ইতিহাস গড়েছে রণবীর সিং অভিনীত গুপ্তচরধর্মী অ্যাকশন ছবি ‘ধুরন্ধর’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি অর্জন করেছে প্রায় ৭৬ লাখ ভিউ, যা নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবির ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ। এই সাফল্যের মাধ্যমে ডিজিটাল বিনোদনের দুনিয়ায় নতুন মাইলফলক স্পর্শ করেছে ছবিটি।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ গত ৩০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায়। তার আগে প্রেক্ষাগৃহে ছবিটি ছিল ব্যাপকভাবে সফল। থিয়েটার মুক্তির সময় থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ছবিটি। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তির পর সেই জনপ্রিয়তা আরও বিস্তৃত আকার ধারণ করে।

নেটফ্লিক্সের প্রকাশিত তথ্যানুযায়ী, এর আগে প্রথম সপ্তাহান্তে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড ছিল কয়েকটি বড় বাজেটের জনপ্রিয় ছবির দখলে। তবে ‘ধুরন্ধর’ সেই সব রেকর্ড ভেঙে ৭০ লাখের বেশি ভিউ অর্জন করে নজিরবিহীন সাফল্য পেয়েছে। এখন পর্যন্ত ছবিটি মোট ২৬ দশমিক ১ মিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে, যা ভারতীয় ছবির ডিজিটাল মুক্তির ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত।

আন্তর্জাতিক পরিসরেও ছবিটির দাপট স্পষ্ট। সাতটি দেশে নেটফ্লিক্সের বিদেশি ভাষার ছবির সাপ্তাহিক তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘ধুরন্ধর’। এমনকি পাকিস্তানে প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও সেখানে ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে শীর্ষ ট্রেন্ডে রয়েছে, যা ছবিটির সীমান্ত পেরোনো জনপ্রিয়তার প্রমাণ।

ছবিতে রণবীর সিং অভিনয় করেছেন একজন ভারতীয় গুপ্তচরের চরিত্রে। গল্প অনুযায়ী, তিনি পাকিস্তানের লিয়ারি এলাকায় সক্রিয় একটি অপরাধী চক্রে অনুপ্রবেশ করে ভারতের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড নস্যাৎ করার বিপজ্জনক মিশনে নামেন। টানটান অ্যাকশন, আবেগঘন মুহূর্ত ও রাজনৈতিক উত্তেজনায় ভরপুর এই চরিত্রে রণবীর সিং দর্শকদের নতুনভাবে মুগ্ধ করেছেন।

ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবন। সহশিল্পীদের মধ্যে রয়েছেন সারা অর্জুন ও রাকেশ বেদি। প্রেক্ষাগৃহে মুক্তির সময় ছবিটি বিশ্বজুড়ে প্রায় ১ হাজার ৩০০ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। পাশাপাশি ভারতের বাজারে এটি প্রথম হিন্দি ছবি হিসেবে ১ হাজার কোটি রুপির বেশি আয় করে ইতিহাস গড়ে।

-বিথী রানী মণ্ডল