ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদারে সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুসংহত করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল ১০টার কিছু পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কার্যালয়ের প্রধান ভবনে প্রবেশের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় অনেক পুরোনো কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে ডেকে তাদের সঙ্গে কথা বলেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

-এমইউএম