পাল্টাপাল্টি স্থগিতাদেশের অবসান; স্বাভাবিক হচ্ছে ঢাকা-দিল্লি ভিসা সেবা

দীর্ঘ কূটনৈতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি স্থগিতাদেশের অবসান ঘটিয়ে অবশেষে দিল্লিতে বাংলাদেশি ভিসা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিনের মাথায় দুই প্রতিবেশী দেশের সম্পর্কের এই গুরুত্বপূর্ণ অগ্রগতি লক্ষ্য করা গেল।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে দিল্লির বাংলাদেশ হাই কমিশন ভারতীয় নাগরিকদের ভিসা প্রদান শুরু করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-এর বরাতে জানা গেছে, শুক্রবার সকাল থেকে দিল্লিতে সব ধরনের ভিসা পরিষেবা চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। অন্যদিকে, ভারত সরকারও ইতিবাচক সাড়া দিয়ে জানিয়েছে যে, শীঘ্রই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা হবে।

গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়। সেই ঘটনার জেরে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ঢিল ছোড়ার ঘটনা ঘটে। নিরাপত্তা উদ্বেগের কারণে গত ২১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশও দিল্লি ও আগরতলা মিশন থেকে কনস্যুলার সেবা স্থগিত রেখেছিল।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশের আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান। পরবর্তীতে ১৩ ফেব্রুয়ারি টেলিফোনে দীর্ঘ আলোচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতার আশ্বাস বিনিময় করেন দুই নেতা। গত ১৫ ফেব্রুয়ারি ঢাকায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লা যোগ দিলে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে।

গত বৃহস্পতিবার সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাসও ইঙ্গিত দিয়েছেন যে, খুব শীঘ্রই ভারতীয় ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক হবে। এর ফলে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন প্রয়োজনে ভারত যাতায়াতকারী হাজার হাজার বাংলাদেশি নাগরিকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

লামিয়া আক্তার