পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পর তা অবশ্যই সংশ্লিষ্ট দেশের সরকারি ডাক বিভাগের মাধ্যমেই ফেরত পাঠাতে হবে। কুরিয়ার সার্ভিস বা অন্য কোনো বেসরকারি মাধ্যমে পাঠানো ব্যালট রিটার্নিং অফিসাররা গ্রহণ করবেন না এবং তা বাতিল বলে গণ্য হবে।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় যা বলা হয়েছে: ইসি জানিয়েছে, প্রতিটি পোস্টাল ব্যালটে একটি করে অনন্য কিউআর কোড (Unique QR Code) ও ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত রয়েছে। ভোটারদের ভোট দেওয়ার পর তা খামে ভরে সরাসরি বাংলাদেশ ডাক বিভাগের (বা বিদেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারি ডাক বিভাগ) চ্যানেলে পাঠাতে হবে। ডাক বিভাগ ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত ব্যালট গ্রহণযোগ্য হবে না।
ভোটের সময় ও পরিসংখ্যন: নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি, ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই প্রক্রিয়ায় ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।
উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটাররা আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সংশ্লিষ্ট ভোটারদের সময়মতো এবং সঠিক পদ্ধতিতে ব্যালট পেপার পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কমিশন।