বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-এ মাঠের লড়াই শেষ হলেও মাঠের বাইরের বিতর্ক ‘পারিশ্রমিক বকেয়া’ নতুন করে উঠে এসেছে। দ্বাদশ আসরের শেষ হওয়ার প্রায় এক মাস পরেও ঢাকা ক্যাপিটালসের অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন এখনো তার পাওনার বড় অংশ পাননি। চুক্তির মাত্র এক-চতুর্থাংশ টাকা হাতে পেয়েছেন বলে নাসির অভিযোগ করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকদের ওপর।
শুক্রবার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসির বলেন, “২৫ শতাংশ পেয়েছি। এখনও ৭৫ শতাংশ বাকি আছে। আক্ষেপ নেই, কিন্তু আমার মনে হয় যাদের পকেটে টাকা নেই, তাদের দল দেওয়া উচিত নয়। আমি জানি না এদেরকে কী ভাবনা নিয়ে দল দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, বিদেশি ক্রিকেটাররা যখন বিপিএল খেলে দেশে ফিরে বকেয়া পেমেন্টের অভিযোগ করে, তখন দেশের মান-সম্মান নষ্ট হয়। “এটা শুধু আমাদের নয়, পুরো দেশেরই মান-সম্মান ক্ষুণ্ণ হয়। কারণ বিদেশি খেলোয়াড়রা এখানে আসে এবং বাইরে গিয়ে বলে যে বাংলাদেশের পেমেন্ট বা ফ্র্যাঞ্চাইজি খারাপ।”
নাসির জানায়, ফ্র্যাঞ্চাইজি বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও তা শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ। দলের অভ্যন্তরীণ যোগাযোগের কথাও উল্লেখ করে তিনি বলেন, “পুরো দলের জন্য একটি গ্রুপ আছে। সেখানে মেসেজ দিয়ে জানানো হয় কখন টাকা দেওয়া হবে, কিন্তু সব সময় সময়মতো হয় না।”
তবে বিসিবি থেকে কিছুটা আশ্বাস পাওয়া গিয়েছে। নাসির বলেন, “মিঠু (ইফতেখার) ভাই আমাদের আশ্বাস দিয়েছেন। যদি এই মাসেও ফ্র্যাঞ্চাইজি টাকা দিতে না পারে, তাহলে ঢাকার জামানতের টাকা থেকে ব্যাংক গ্যারান্টি অনুযায়ী আমাদের পেমেন্ট দেওয়া হবে। হয়তো পেমেন্ট কিছুটা দেরিতে পাব।”
-এমইউএম










