অবসর ভাবনা মাথায় রেখেও ২০২৬ বিশ্বকাপের স্বপ্নে নেইমার

নেইমার জুনিয়র

অসাধারণ প্রতিভা নিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কিন্তু বারবার চোটের ধাক্কা তার কাঙ্ক্ষিত সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বয়স ৩৪ হলেও এখনই ফুটবল থেকে বিদায়ের সময় নিয়ে ভাবতে হচ্ছে তাকে। তবে তার আগে আরেকবার ব্রাজিলের জার্সিতে ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন এই তারকা।

গত বছরের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোস-এ ফেরেন নেইমার। কিন্তু সেখানেও চোট তার পিছু ছাড়েনি। কিছুদিন আগে হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসন শেষ করে মাঠে ফিরেছেন। সান্তোসে থাকবেন কি না, সেই অনিশ্চয়তার মাঝেই ২০২৬ সালের শেষ পর্যন্ত নতুন চুক্তি করেছেন তিনি। মূল লক্ষ্য বিশ্বকাপ দলে জায়গা পাওয়া এবং দ্রুত পূর্ণ ফিটনেস ফিরে পাওয়া।

ব্রাজিলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, “আমি জানি না এরপর কী হবে, আগামী বছর সম্পর্কেও নিশ্চিত নই। সম্ভবত ডিসেম্বর এলে অবসর নেওয়ার কথা ভাবতে পারি। এখন বছর ধরে ধরে ভাবছি। বছরের শেষে হৃদয় যেদিকে সাড়া দেবে, সিদ্ধান্ত সেদিকেই যাবে।”

তবে অবসরের আগে বিশ্বকাপসহ পুরো মৌসুমে শতভাগ দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি। নেইমার বলেন, “এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও। এটি বিশ্বকাপের বছর এবং আমার জন্যও বিশেষ। আমি চাই পুরো বছরটাই খেলতে।”

গত ডিসেম্বরে হাঁটুর অস্ত্রোপচার করান নেইমার। এরপর গত সপ্তাহে বদলি হিসেবে সান্তোসের জার্সিতে মাঠে নামেন এবং দল ৬-০ ব্যবধানে জয় পায়। সেই জয়ে তারা পোলিস্তা লিগের কোয়ার্টার ফাইনালে ওঠে।

বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেই-এর সাবেক এই তারকা ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন। কিংবদন্তি পেলে-কে ছাড়িয়ে তিনি দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। খেলেছেন তিনটি বিশ্বকাপ।

২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) চোটে পড়েন নেইমার। ফলে আল-হিলালে যোগ দেওয়ার পর প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে। চলতি বছরের জানুয়ারিতে সান্তোসে ফিরলেও পুরোপুরি চোটমুক্ত হতে পারেননি। বিশ্বকাপ বাছাইয়ের জন্য কোচ কার্লো আনচেলত্তি-র স্কোয়াড ঘোষণার সময় ঘনিয়ে এলেই প্রায়শই ছিটকে গেছেন তিনি। তবুও আরেকটি বিশ্বকাপ খেলার আশা ছাড়েননি এই তারকা ফরোয়ার্ড। যদিও আনচেলত্তি বারবারই পরিষ্কার করেছেন—দলে জায়গা পেতে হলে শতভাগ ফিটনেসই হবে প্রধান শর্ত।

-এমইউএম