রানাওয়িরার চার উইকেটে রুদ্ধশ্বাস জয়ে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা

ইএসপিএনক্রিকইনফো

ইনোকা রানাওয়িরার দুর্দান্ত বোলিংয়ে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। রোমাঞ্চকর লড়াই শেষে তারা ১০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

টস হেরে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৬ উইকেটে তোলে ২৪০ রান। ইনিংসের ভিত্তি গড়ে দেন হাসিনি পেরেরা (৮৬ বলে ৬১) ও হারশিথা সামারাবিক্রমা (১০৫ বলে ৬৬)। অধিনায়ক চামারি আতাপাত্তু করেন ২৭ রান। মাঝের সারিতে নিলাক্ষিকা সিলভা ও কাভিশা দিলহারির গুরুত্বপূর্ণ অবদান ইনিংসকে এগিয়ে নেয়। শেষদিকে ডিউমি ভিহাঙ্গা ৬ বলে ১৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। তবে স্টেফানি টেইলর (৮৩ বলে ৬৬) ও জান্নিলিয়া গ্লাসগো (৬৭ বলে ৫০) ৮৯ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। শেষ দুই ওভারে তাদের প্রয়োজন ছিল ১৮ রান, আর শেষ ওভারে দরকার ছিল ১২।

কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন বাঁহাতি স্পিনার ইনোকা রানাওয়িরা। তিনি ১০ ওভারে ৪৪ রান দিয়ে নেন ৪ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে টেইলর-গ্লাসগোর জুটি ভেঙে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এছাড়া কাভিশা দিলহারি ৩ উইকেট নিয়ে শেষ দিকে চাপ ধরে রাখেন।

শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২৩০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। ২০১৭ সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ পাঁচ ওয়ানডের চারটিতেই জয় পেল তারা।

ফল: শ্রীলঙ্কার ১০ রানের জয়
শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল – ৬ উইকেটে ২৪০ রান
ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল – ৪৯.৪ ওভারে ২৩০ রান

ইএসপিএনক্রিকইনফো

-এমইউএম